নদী, গ্রাম প্রকৃতি, মন্দির এবং দূর্গা ঠাকুর আনয়ন
নদী, গ্রাম প্রকৃতি, মন্দির এবং দূর্গা ঠাকুর আনয়ন দেবব্রত ঘোষ মলয় আজ মহালয়া। একদম ভোরে ঘুম ভাঙলো মহিষাসুরমর্দিনীর সেই চিরাচরিত মিঠে সুরে। আমাদের বাগানের শিউলি তলায় এখনো সেভাবে শিউলি হয়নি, কিন্তু সেই ভোরেই আমার নাকে কোথা থেকে শিউলির গন্ধ ভেসে এলো। আজ পত্রিকা এবং প্রকাশনের কাজ বন্ধ রেখেছিলাম। বাড়ির পাশেই আমাদের সোসাইটির পুজো "বন্ধুরা"। পুজোকমিটির প্রথম বছরের প্রথম সভায় সবার সমর্থনে এ নাম আমারই দেওয়া, কারণ আমরা বেশ কিছু বন্ধু একত্রিত হয়ে এই পুজোর সূচনা করি। এ বছর আমাদের প্রতিমা শিল্পী দিব্যেন্দুর স্টুডিও থেকে। ওর স্টুডিও আমতার এক নিরিবিলি গ্রাম সোমেশ্বর সোমনাথ-এ। তরুণ শিল্পী দিব্যেন্দুর বাড়িতে (ওর স্টুডিও গ্যালারি অসেচনক) বেশ কয়েকটি পুজো কমিটির ভিড়, বাড়ির সামনের মাঠটি গাড়িতে গাড়িতে ছয়লাপ। পুরুষ মহিলা মিলিয়ে আমাদের প্রায় ৫০ জন সদস্য উপস্থিত হয়েছিল ঠাকুর আনতে। আমি আমার দাদা এবং আমাদের কমিটির এক সদস্য সিদ্ধার্থ আমার বন্ধু স্বপনের গাড়িতে গিয়েছিলাম। অন্য কমিটিগুলি যখন গ্রামের কাঁচা রাস্তা দিয়ে এক এক করে তাদের প্রতিমাগুলি নিয়ে যাচ্ছে সে সময় আমাদের অপেক্ষা করত...