স্বপ্ন কিশোর


শিল্পী দীননাথ সাহা 

স্বপ্ন কিশোর

দেবব্রত ঘোষ মলয়


মেঘলা আকাশ বিষন্ন দিন জল থৈ থৈ পথ
আকাশ পানে তাকিয়ে রই আসবে সোনার রথ
রথের মাঝে রাজকন্যা তার খোঁপায় বাঁধা ফুল
কুচবরণ রূপের বাহার মেঘবরণ চুল।

আলুক শালুক ঘোষের তালুক দুষ্টু কিশোর ছেলে
মাঠভরা ধান সোনা রঙের এমন কোথায় মেলে
সেই তো আমার গ্রাম আমার জন্মভূমি দেশ
তুলসী তলায় প্রদীপ জ্বলে ধুপের ধোঁয়ার রেশ

পদ্ম দীঘি চন্ডীতলা মস্ত বাগান আম
হ্যাচাক জলে যাত্রা আসর রাবণ এবং রাম
স্কুলের শেষে খেলার মাঠে, পড়ব সাঁঝে অল্প
রাত্রিবেলা দিদির পাশে শুনব ভুতের গল্প

এইতো আমার গ্রাম আমার স্বর্গ বালক বেলা
পাশের বাড়ির ছুটির সাথে মিষ্টি মধুর খেলা।
এখন জীবন বিকেল বেলা কাঁদছে শহর ক্লান্ত
মায়ের আদর বাবার স্নেহ ভালোবাসাও ম্লান তো।

স্বপ্নে খুঁজি ছোটবেলা জেগেই বুঝি ভ্রান্ত।

@০৩০৯২০২২

Comments