তবুও শরৎ

তবুও শরৎ
দেবব্রত ঘোষ মলয় 

বয়স বাড়ে না আর কোনদিনই কবে থেকে যেন 
টুপ টাপ ঝরে পড়ে হিমেল শিশির দেখো ঘাসের উপর
ডানা ঝাপটিয়ে দেখ উড়ে যায় সাদা বক যত 
দিগন্ত বিস্তৃত ধানক্ষেত শেষ হয় পালানের বিলে 
দুপারেই কচু গাছ উলু ঘাস আর আগাছার ঝোপ
ওখানেই খেলা করি আমি হাফপ্যান্ট নেমে যায় দড়ি বাঁধা তাতে
ছোট জাল হাতে নিয়ে মাছ ধরে পুঁটি, রুখু চুল চূড়া করে বাঁধা 
এখানেই আটকিয়ে আমার বয়স, জটিল এ পৃথিবীর এ কেমন ধাঁধা ...

বয়স বাড়ে না আর কোনদিনই কবে থেকে যেন 
শরৎ সকালে মৃদু হিম পড়ে, সেজে ওঠে শিউলি তলা
ঘুম ভেঙে খালি পায়ে দৌড়ে বেড়াই, দেখি
শিউলি কুড়িয়ে আনে আমার বালিকা ...টেপ ফ্রক গায়ে
হারানকাকার হাত দূর্গা বানায় ... চণ্ডী তলায়
সে টাকায় কিনবে কি ওষুধ না ভাত আজ বলে সেইসব
মধুকাকা বোল তোলে ঢাকে, এবার বায়না হলো দু বছর পর
দুবছরে ভেঙে গেছে সংসার ... তছনছ হল কত ঘর ...

তবুও শরৎ আসে নীল মেঘ কাশফুল সোনা রোদে ভাসে চরাচর ...

শিল্পী দীননাথ সাহা 

Comments