দাবদাহ
দাবদাহ দেবব্রত ঘোষ মলয় "আমি খুব ছোট্ট এবং সামান্য একজন লেখক। বাংলা সাহিত্য আমাকে মনে রাখবে না জানি। তাই যে কটা দিন আছি, আমি মানুষকে কষ্ট দিতে চাই না।" - স্মরণজিৎ চক্রবর্তী। এবার গ্রীষ্মটা একটু বাড়াবাড়ি রকমের। এরকম যে আগে কোনদিন দেখিনি তা নয়। কিন্তু এবার মূল তফাৎ যেটা সেটা হল একটানা তীব্র গরম চলছে অথচ বৃষ্টি বা কালবৈশাখী হচ্ছে না দিনের পর দিন। ফলে বাইরের তীব্র দাবদাহ ক্রমশ উত্তর ভারতীয় লু এর আকার নিয়েছে। অনেক বছর আগে আমি জামশেদপুর-রাঁচিতে গিয়ে এই আবহাওয়া দেখেছিলাম। এখন স্বাভাবিক কারণে বাইরের অনুষ্ঠানগুলো আমরা সবাই কমিয়ে দিয়েছি। বহু জন নানাভাবে তাদের উষ্মা ব্যক্ত করছেন ফেসবুকে। কিছু বন্ধু যাদের এসি নেই তারা দোষারোপ করছেনা এসিকে, আর বলছেন প্রকৃতিকে বাঁচাতেই হবে, আর মনে মনে ঠিক করছেন পরের বছর একটা এসি কিনতেই হবে। আমাদের লেখক প্রকাশক জগতে দুর্মূল্যের জন্য যারা মুদ্রিত বই ছাপাতে পারছেন না তারা এই গরমের পিছনে কাগজ তৈরীর নেপথ্যে প্রবল গাছ কাটাকে দায়ী করছেন আর মনে মনে ঠিক করছেন পরের বছর আরেকটু টাকা জমিয়ে মুদ্রিত বই করতেই হবে। কেউ লিখছেন তিনি ফ্রিজ ব্যবহার করে...