মিতিন
মিতিন
দেবব্রত ঘোষ মলয়
তখন হাফপ্যান্ট, মুখের কচি ভাব কাটেনি
মাঠের ধারে দাঁড়িয়ে একা একা ডাসা পেয়ারা
লাল ফ্রকের মিতিন মাথায় দুই বিনুনি
ঠিক এসে হ্যাঙলামো - এই সোনা, দিবি?
দিলাম। মাথায় ঠকাস গাঁট্টা
আর জোর টান বিনুনিতে
তারপর ফিরেও দেখলাম না ওর ফুঁপিয়ে কান্না
নিষ্পাপ বালকরা তীব্র নিঠুর হয়।
ফল মিলল বিকেলেই, গাছ থেকে পড়ে হাত দুখান
ছটফট বিছানায়, ডাক্তার কাকু নির্বিকার
হাড় ভাঙলে তো লাগবেই, ছি, ছেলেরা কাঁদে নাকি
তারপর ঘর ফাঁকা, লাল ফ্রকের মিতিন এসেছে
কি অকাতরে মুখে মাথায় বুলিয়ে দেয় হাত
ওর বালিকা স্পর্শে ঘুম এসে যায়
আধো ঘুমে দেখি চোখ ভরা জল
আর মুখে মাখা একরাশ মায়া ...
মিতিন হারিয়ে গেছে, হারিয়েছে বাঁশঝাড় বন্ধু মাঠ
অষ্টমী অঞ্জলি আজকাল বুঝতেই পারি না
তিনটে ওষুধ খেয়ে ঘুমের আশায় জাগি
চোখে ভাসে বড় বড় জলভরা মায়ামাখা চোখ
ঈশ্বর, একবার ফিরে দাও হাফপ্যান্ট বেলা ...
Comments
Post a Comment