জনক


এই কবিতাটি নিছকই মজা করে লেখা। আদতে চিরকালই বাবা-মায়ের কাছে ছেলে আর মেয়ে উভয়ই প্রাণাধিক প্রিয়। আবার চিরকালই ছেলে আর মেয়ের কাছে বাবা মা-ই সবকিছু।

জনক

দেবব্রত ঘোষ মলয়


বাবা মানে বদলেছে মন দিয়ে শোনো
এ ব্যাপারে ছেলে-মেয়ে ভেদ নেই কোন
আদুরে মেয়েটি আজ লক্ষী সোনা
বড় আদরের ছেলে স্বপ্নতে বোনা।

সে সময় মেয়ের বাবা

সে সময়ে মিনতিদি করেছিল প্রেম
রাসভারি ওর বাবা বলেছিল শেম
দেখবো না মুখ তোর মেয়ে নস তুই
বিয়েতে পেল না মেয়ে কোন বস্তুই।

আজীবন ওর বাবা রেখেছিল পণ 
মেয়েকে ছাড়াই বাঁচে কঠিন সে মন।
কেঁদে কেঁদে মরে গেল মিনতির মা
নাতি আর পুতি হল দেখা হলো না

এ সময় মেয়ের বাবা

এ সময়ের এক বাবা নেটফ্লিক্স খোলা
ওয়েব সিরিজে ডুবে আগাপাশতলা
আদুরে কন্যা এসে গলাটি জড়িয়ে
বলে, কে এফ সি চলো ড্যাড মমকেও নিয়ে।

গুপ্ত কথাটি ফাঁস হলো ওইখানে
পড়ায় বসে না মন বয়ফ্রেন্ড টানে
মেয়েকে জড়িয়ে বাবা বলে শোন মেয়ে
ভালো করে পাশ কর, ওর মুখ চেয়ে।

দুজনেই পাস করে নম্বর ভালো
দুজনেই চাকরিতে মুখময় আলো।
ধুমধাম করে বিয়ে হয়ে গেল শেষে
আমাদেরও ভুরিভোজ বিয়ে বাড়ি এসে।

**********

সে সময় ছেলের বাবা

সে সময় সিনেমায় ছবি বিশ্বাস
ওরকমই বাবা ছিল সুলোচন দাস
বাবার অমতে ছেলে করেছিল বিয়ে
রোজগারও কম ছিল সবকিছু নিয়ে।

দাসবাবু সুচাকুরে মাইনেও মোটা
ছেলেকে ত্যাজ্য করে নিয়ে লাঠিসোটা
বলে দুষ্টু গরুর চেয়ে থাক শূন্য গোয়াল
তিনি সমাজের মানী লোক রাঘববোয়াল।

এ সময় ছেলের বাবা

নিজেই ড্রাইভ করে শখের গাড়ি
এ সময়ের এক বাবা ফিরলেন বাড়ি
পাপা শোনো কথা আছে ছুটে আসে ছেলে
বাবাও বলল হেসে কত নম্বর পেলে?

নব্বুই শুনে বাবা খুব খুশি হল
উপহার নেবে কি তা মুখ ফুটে বল
দামী কম্পিউটার ছেলে আবদার করে
তিন দিনে বস্তুটি এসে গেল ঘরে।

পড়াশোনা শেষ করে সেই ছেলে আজ
জীবনে সফল হয়ে করে বড় কাজ।
বাবা মার সব শখ মিটিয়েছে সেই
আজকের জীবনের গল্পটা এই।

*********

বাবা মানে বদলেছে মন দিয়ে শোনো
ছেলে-মেয়ে আজ আর ভেদ নেই কোন
আদুরে মেয়েটি আজ ভরসার স্থল।
প্রাণপ্রিয় ছেলেটিও বুকে আনে বল।

Comments

  1. কবিতা তুমি কতো সুন্দর, জেনেছি মোনে মোনে, আরও লেখো ভালো কবিতার উপহার I

    ReplyDelete

Post a Comment