যদি কোনোদিন

যদি কোনোদিন
দেবব্রত ঘোষ মলয়

যদি কোনদিন
ঘুম ভেঙে উঠে শোনো
আমি আর আসব না
স্বাভাবিক, ভালোবাসবো না
চমকে উঠ না।

যদি কোনদিন 
কানাঘুষো শুনো আনাচে কানাচে
সকালে বেরিয়ে ঘর থেকে আমি
নিখোঁজ হয়েছি চিরতরে
চমকে উঠো না

যদি কোনদিন
আস্তাকুড়ের বস্তায় খুঁজে পাও
আবর্জনায় লুকিয়ে আমার লেখা
কেঁদে চলে চুপি চুপি
চোখ ভিজিও না

যদি কোনদিন
ঝড়ে উড়ে আসে দুটি পাতা
সেখানে আমার মলিন হাতের লেখা
উপেক্ষা করে চলে যেও অনায়াসে
পাতা উল্টিও না

যদি কোনদিন
শ্রাবণ বিকেলে দুটি ফুল হাতে নিয়ে
মনে পড়ে যায় আমার কবিতাখানি
ফিরে যেও কাজে অবহেলে তক্ষুনি
ঘুম ভাঙ্গিয়ো না।

আলোকচিত্র সৈকত কুমার বসু

Comments

  1. কি দারুণ লিখেছো মলয়। অসম্ভব ভালো লাগল তোমার শব্দ চয়ন, পরিমিতি বোধ আর সহজ সরল পরিবেশন। একটি সার্থক কবিতা।

    ReplyDelete
  2. যদি কোনদিন পারি তো কবিতায় নিজেকে বিকশিত করতে চাই... কবিতায় নিজেকে বেঁধে রাখতে চাই। এই স্বার্থের গণ্ডি থেকে বেরিয়ে কবিতায় দিনযাপন করতে চাই। জানি এ কষ্টের তবুও... একটা ইচ্ছা। আপনার কবিতায় মন ভালো হয়ে গেল দাদা।

    ReplyDelete

Post a Comment