ভালো বাঁচার সহজ উপায় (১)


শিল্পী - দীননাথ সাহা

ভালো বাঁচার সহজ উপায় (১)

দেবব্রত ঘোষ মলয়

অপর


এটা ঘটনা, আমি চেষ্টা করি সবার কথা ভাবতে। সবাইকে নিয়ে থাকতে। আমার সাধ্য বড়োই কম, তবুও চেষ্টা করি সীমিত সাধ্য নিয়েই অপরের জন্য কিছু করতে, কারণ অপর তো আমিও, অন্যের চোখে। অনেক নেতিবাচক প্রতিক্রিয়াও পাই - কেউ বলে দেখনদারি, কেউ বলে আত্মপ্রচার। কেউ উপেক্ষা করে তো কেউ পরিশীলিত নিন্দা। এর কোন প্রভাব পড়ে না আমার উপর কারণ আমি জানি এসবেরও সদর্থক দিক আছে।
আবার বহুজন আমারও পাশে থাকেন, খোঁজ করেন। এখন পরিণত অনেক, দায় দায়িত্বও পিছু ছাড়ে না। সব সাধ্যমত নিখুঁত পালন করলেও কেউ কেউ আঘাত করবেই, কারণ তাতেই তাদের আনন্দ। উত্তরে আমি ফেরত দিই সৌজন্য, নিখাদ ভালোবাসা।
এখন প্রশ্ন হল, আমাদের সবার ক্ষেত্রেই এসব হয়। তাতে কি হতাশ হব আমরা? মোটেই না। আমি সৎভাবে আমার কাজ করব, যে কাজ আমার বিবেক, আত্মা সায় দেয়। এই কাজ করেই আমার কাজ শেষ, আমার তৃপ্তি। আমি কেবল দেখতে পারি, আমার এই কাজে একজনেরও উপকার হল কিনা, ভালো হল কিনা - এটাই আমার কাজের সার্থকতা। তাহলে ভালো কাজ করলেও মন অশান্ত হয় কেন? আসলে আমরা কাজটি করার পরের মুহূর্তেই খুঁজতে শুরু করি, কে কি বলল, কে কি প্রতিক্রিয়া দিলো। এই বিষয়টিকে উপেক্ষা করতে হবে। আমার যাপন, আমার শান্তি, আমার জীবন অন্যের কথায় প্রভাবিত হবে না। তাই আমার অলক্ষে কে কি বলল বা আলোচনা করল, এটির থেকে দূরে থাকাই ভালো থাকার অন্যতম শ্রেষ্ঠ উপায়। প্রতিদিন চেষ্টা করতে হবে সবার সাথে ভালো ব্যবহার করতে, কারণ একমাত্র সেটিই আপনাকেও ভালো ব্যবহার ফেরত দিতে পারে।
একজন প্রচ্ছন্ন ভাবে অপমান করে কিছু খারাপ কথা বললে দুভাবে তার উত্তর দেওয়া যায়। এক - তাকে পাল্টা অপমান করা। দুই - তাকে স্পষ্ট বলা আপনার এই ব্যবহার বা কুকথা আমি গ্রহণ করলাম না। আর কে না জানে কেউ কিছু দান করলে, তা গ্রহীতা গ্রহণ না করে ফেরত দিলে সেই দানকৃত বস্তু বা বিষয় (এক্ষেত্রে কু ব্যবহার বা কুকথা) দাতার কাছে ফেরত যায়। এই দ্বিতীয় রাস্তাতেই চলুন, শান্ত থাকবেন, শান্তি থাকবে।
আর একটা কথা, প্রতিনিয়ত কাজ করতে হবে, সদর্থক কাজ, সৃষ্টিশীল কাজ। অন্যের সমালোচনা থেকে দূরে থাকতে হবে, কারণ প্রতিটি সমালোচনাই অসুয়া প্রসূত, অথবা স্বার্থঘটিত।
তাই আসুন, ভালো কাজ করি, অন্যের ভালো করার চেষ্টা করি - সদর্থক চিন্তা করি। কারণ জীবনের সব থেকে বড় সত্য অনিশ্চয়তা। আমরা কেউ জানি না, আমাদের বেঁচে থাকার মেয়াদ কতটুকু। তা কয়েক মুহূর্তও হতে পারে, কয়েক বছরও হতে পারে।
ভালবাসুন, সবার পাশে থাকুন - অনেক সমস্যা আপনা থেকেই দূর হয়ে যাবে।
পরের দিন আলোচনার বিষয় হবে - ভয়।
@দেবব্রত ঘোষ মলয়


Comments