নতুন আলো

শিল্পী দীননাথ সাহা

নতুন আলো
দেবব্রত ঘোষ মলয়

রাত্রিকে ঘৃনা করি, ঘুমোতে চাই না আমি রাত্রির কোলে, 
কালো রাত নিষ্ঠুর, তীব্র খিদের বোধ খোঁচা দিয়ে তোলে।
আঁধারের রাত তবু ভালোবাসা নিয়ে রোজ একা একা আসে।
এ সময় যদি কেউ সত্যি করেই রোজ থেকে যেত পাশে।

তুমিই তো বলেছিলে প্রিয়তমা, শেষ হলে সব ঝড়
আবার গড়বো ঘর তুলে নিয়ে ছেঁড়া কুটো খড় 
সব ভুলে কেন তবে খুঁজে নিলে তীব্র আড়াল
রোজ রাতে খুঁজে ফিরি আগেকার মতো সেই নতুন সকাল।

প্রতিটি নতুন ভুল নতুন জন্মদিন হতে থাকে মাঝরাত
ভুলের মাশুল দিয়ে ভেজা চোখ মোছে দুই হাত
চারপাশে এত পোকা থিক থিক নেই শিরদাঁড়া
অন্যায় মেনে নিয়ে বাটি ভরা তেল হাতে দাঁড়িয়েছে কারা ...

সেদিনের সভাগৃহে আগুন ঝরিয়েছিল যত বিপ্লবী
ম্যাদামারা কাঁধে ব্যাগ সুশীল সমাজ আর নির্বোধ কবি
সমাজ বদল নেই তারাই পাল্টে গেল জামা বদলিয়ে
আমাদের দিন কাটে ফাটা শার্ট উপবাস ছেঁড়া চটি নিয়ে।

শ্রেণী খুঁজে ফিরি আমি কোথায় দাঁড়িয়ে আছি আজ
কে কেমন আছে কেউ বুঝতেই পারবে না ঝকঝকে বাইরের সাজ
খারাপেরও ভালো আছে শিখছি নতুন করে রোজ
রেখে যাব সৃষ্টির ভরা সাজি, কোনদিন যদি কেউ করে খোঁজ।

দোষারোপ নয় এসো, নিজের সাধ্যমত কাজ করি ভাল
আঁধার কাটিয়ে দেখো এভাবেই ভোর হবে, ফুটবে নতুন আলো।

১২ জুলাই ২০২২


Comments