কালো গাঢ় হলে আলো জ্বলে ওঠে

কালো গাঢ় হলে আলো জ্বলে ওঠে

দেবব্রত ঘোষ মলয়
















মমি হয়ে গেছি, রক্ত মাংস হয়ে গেছে সব নষ্ট
কোন স্পর্শই স্পর্শ করে না এটা নিদারুণ স্পষ্ট
মান অপমান, মান সম্মান একাকার হয়ে গেছে
জেগে জেগে আজ ঘুমিয়ে চলেছি তবুও তো আছি বেঁচে ...
বেচেঁ কেউ নেই চারপাশে শুধু কিলবিল করে কীট
মুখ নেই কারো মুখের আদল লালসায় মাখামাখি
ভিক্ষাবৃত্তি জীবিকা হয়েছে লাইনেই পাতি হাত
বিগলিত হেসে পদলেহনেই জুটছে পেটের ভাত।
কে করে আপস বিপ্লবী কে যে মিলেমিশে একাকার
মধ্য মেধার তীব্র দাপটে হারিয়েছে মেধা তার
আজ যার যত নেই, তার ঢাক বাজে ততোধিক জোরে জোরে
আফিম ছাড়াই ঝিমিয়ে চলেছে যুবকেরা ঘরে ঘরে।
হে মৃত্যু তুমি ফিরিয়েছ মুখ তাই দেখে যাই শব
খুঁজে ফিরি সেই একখানি মুখ যে করে প্রত্যাঘাত
আমি চলে যাব তবু জেনে যাব আসবে নতুন ভোর
নতুন ভাবনা নব প্রজন্ম ঘুচাবি তমসা ঘোর।
কালো গাঢ় হলে আলো জ্বলে ওঠে  এটাই চরম সত্য ...

অলঙ্করণ সিদ্ধার্থ কর্মকার

Comments