আমার কোন জন্ম নেই

আমার কোন জন্ম নেই

দেবব্রত ঘোষ মলয়


আমার কোন জন্ম নেই মৃত্যুও নেই শেষ অবধি

শুধুই চলা পথ সোজা নয়, থামবোও না নিরবধি

তোমরা সবাই ভালোবাসো, তোমরা বড়ই ভালো যে

আমার শুধুই গুণ দেখে যাও, দেখো না সব কালোকে।


চৈত্রশেষের ঝরাপাতা ডাক দিয়ে যায় সবুজকে

মলয় বাতাস এলোমেলো তবু প্রশ্রয় দাও অবুঝকেই 

সব কামনা শুভ বড়ই সব স্নেহ দেয় আশীর্বাদ

তবুও জেনো শেষের সে দিন জীবন থেকে হয় না বাদ।


আমার তাতে বয়েই গেছে দেখব কেন দূর অত?

আজকের এই দিনটা সোনা, বলব কালো দূর হ তো

লিখব নতুন গল্প কথা পড়ব নতুন কবিতাও 

গান শুনে আর কাজের মাঝে আঁকবো তোমার ছবিটাও


রাত্রি এলেই ঘুমিয়ে যাব হয়ত পাব নতুন ভোর

হয়ত সকাল মলয় বাতাস ভাঙছে না তার ঘুমের ঘোর।

ঘুম যদি না ভেঙে উঠি ভয় কি তাতে মাঝরাতে

করব যাপন আজ দাপিয়ে জড়িয়ে ধরে দুই হাতে।


জন্মদিনের অর্থ কি আর সব সকালই উদযাপন

নতুন সৃষ্টি জন্ম নিলেই সার্থক হয় সেই যাপন

তোমরা যারা ভালোবাসো শুভ ইচ্ছা একটাই থাক

সৃষ্টি যেন না থেমে যায় স্থবিরতা দূর হয়ে যাক।


কি পাইনি কি পেয়েছি কিইবা তাতে যায় আসে

দুঃখ-বিপদ আনন্দতেও তোমরা আছো চারপাশে

আজকের এই দিনটা জেনো একলা মোটেই নয় আমার

তোমরা সবাই পাশেই থাকো উঠুক ভরে যৌথ খামার।


ওঠার সময় জানতে হবে কখন সময় হয় নামার ...


৯ এপ্রিল ২০২২


অলঙ্করণ দীননাথ সাহা

Comments

  1. আগেও পড়েছি তো৷ 👍👍 খুব ভালো৷ মনের মত।

    ReplyDelete

Post a Comment